চীনের সঙ্গে অর্থনৈতিক-নিরাপত্তা সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
চীনের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি ও অবকাঠামো উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে আগ্রহী ঢাকা।
রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশ-চীন সম্পর্ক: একটি ভবিষ্যৎ আউটলুক' শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদের চীনের কাছ থেকে নিরাপত্তা সহযোগিতা প্রয়োজন’।
সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং সেন্টার ফর চায়না স্টাডিজ (এসআইআইএস-ডিইউ) যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
বাংলাদেশ ও চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির অপেক্ষায় থাকায় পররাষ্ট্র উপদেষ্টা ভবিষ্যতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশের গতিপথ চীনের সঙ্গে সম্পর্কের দিকনির্দেশনা নির্ধারণ করবে।
চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এটিকে বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ বলেও বর্ণনা করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ধিত প্রতিরক্ষা সহযোগিতা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখতে পারে, যা দেশের জন্য একটি প্রধান অগ্রাধিকার।
চীনের সাথে সম্ভাব্য সহযোগিতার আরেকটি ক্ষেত্র হিসাবে অবকাঠামো উন্নয়নের দিকে ইঙ্গিত করে টেকসই প্রকল্পগুলোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তৌহিদ হোসেন।
সময়মতো প্রকল্প শেষ করার ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি প্রকল্পে বিশেষ করে সবুজ শক্তিতে আরও সহযোগিতাকে স্বাগত জানাই’।
তৌহিদ বলেন, রোহিঙ্গারা যেন অধিকার ও নিরাপত্তা নিয়ে মিয়ানমারে ফিরে যেতে পারে তা নিশ্চিত করে প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে ঢাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে