Views Bangladesh Logo

লোহিত সাগরে নৌ-নিরাপত্তা জোটে যোগ দিল বাংলাদেশ, নেতৃত্বে সৌদি আরব

 VB  Desk

ভিবি ডেস্ক

লোহিত সাগর অঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে গঠিত নতুন ১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ৪৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বৈঠকের পর এ জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জোটটির সদর দপ্তর সৌদি আরবে হবে এবং দেশটিই এর প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী রাষ্ট্র।

বাংলাদেশ ছাড়াও জোটে রয়েছে সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস। এসব দেশ যৌথ বিবৃতিতে নতুন জোটের প্রতি সমর্থন জানিয়েছে। তবে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য ওমান ও সংযুক্ত আরব আমিরাত এ তালিকায় নেই।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোটটির লক্ষ্য হলো লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগর এলাকায় সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা, আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ পথ সুরক্ষিত রাখা এবং সদস্য দেশগুলোর অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষা করা।

হুথিদের বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই জোট গঠন করা হলো। গত ২০ জুলাই হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় এবং সৌদি-সংশ্লিষ্ট জাহাজে একাধিক হামলার দাবি করে। এর জবাবে ইয়েমেনের হোদেইদায় হুথিদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি আরব।

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। এটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। হুথিদের হামলার কারণে এ অঞ্চলে নৌ-চলাচল ব্যাহত হওয়ায় ২০২৪ সালেই ইউরোপীয় ইউনিয়ন সেখানে নৌ-মিশন মোতায়েন করেছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ