জাতিসংঘ মহাসচিবকে ২০২৫ সালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
২০২৫ সালের সুবিধাজনক সময়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে এই আমন্ত্রণ জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে গৃহীত রেজুলেশন অনুযায়ী ২০২৫ সালের প্রথম প্রান্তিকে রোহিঙ্গা ইস্যুতে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন রাষ্ট্রদূত মুহিত। এই সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য একটি কার্যকর সম্মেলন আয়োজনে জাতিসংঘ মহাসচিবের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গাদের দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে ২০২৫ সালের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের জন্য জাতিসংঘের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় রোহিঙ্গা ইস্যুর দ্রুত ও টেকসই সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন মহাসচিব।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মুহিত জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং উন্নয়নসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা তুলে ধরেন। পক্ষান্তরে জাতিসংঘ মহাসচিব বহুপাক্ষিকতার প্রসারে বাংলাদেশের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন।
এ ছাড়াও রাষ্ট্রদূত জাতিসংঘে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার অবদান রাখার বিষয়টি তুলে ধরেন। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার কর্মদক্ষতা ও অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তার অভিজ্ঞতা কাজে লাগানোর আশা প্রকাশ করেন।
বৈঠকে জাতিসংঘ মিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে