মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ আছে: হুমায়ুন কবির
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি হলে সেখানে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়। বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। তবে এ মুহূর্তে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।
মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের নেতৃত্বের যোগাযোগের বিষয়ে হুমায়ুন কবির বলেন, বিভিন্ন দেশের অংশীজনেরা বাংলাদেশের নেতৃত্বকে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি তাদের আগ্রহ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মক্কার গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কা বাংলাদেশের মানুষের হৃদয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা জোট বা চুক্তি হলে সেখানে বাংলাদেশের অংশ নেওয়া অস্বাভাবিক নয়।
অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কোনো প্রতিরক্ষা চুক্তি বা জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে দেশের ও দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
হুমায়ুন কবির নিজের নতুন দায়িত্বের প্রথম কার্যদিবস প্রসঙ্গে বলেন, দায়িত্ব নতুন হলেও কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা রয়েছে। গত ছয় মাসে বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি কৌশলগত কাঠামো তৈরি হয়েছে। এখন প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের দৃশ্যমানতা ও প্রভাব বাড়ানো হবে।
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিকাংশ জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে তিনি গত ছয় মাস ধরেই কাজ করছেন। ফলে নতুন দায়িত্বটি মূলত আগের কাজেরই ধারাবাহিকতা।
মতামত দিন