Views Bangladesh Logo

বাংলাদেশি ও ভারতীয় আটক জেলে বিনিময় হবে ৫ জানুয়ারি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের জেলে বিনিময় হবে। উভয় দেশের মধ্যে এ বিষয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার কারণে জেলেদের আটক করা হয়েছিল। দুপক্ষের মধ্যে আলোচনা করে এটি মীমাংসা করা হয়েছে।

জানা গেছে, ৭৮ জন বাংলাদেশি এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার নিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এবং ৯ ডিসেম্বর তাদের আটক করে উড়িষ্যার পারা দ্বীপে রাখা হয়েছে। অন্য ১২ জন জেলেকে সেপ্টেম্বরে আটক করা হয়, যখন তাদের ট্রলারটি ভারতীয় জলসীমায় ডুবে যায়। তাদের কলকাতার কাছে কাকদ্বীপে রাখা হয়েছে।

অন্যদিকে, ভারতীয়দের ছয়টি ট্রলার সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে এবং তখন তাদের পটুয়াখালী ও বাগেরহাটে আটক করে রাখা হয়। জেলেদের আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন সংক্রান্ত যে জটিলতা ছিল সেটি মিটিয়ে ফেলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ