পুরোদমে ভিসা কার্যক্রম ফেরাতে উদ্যোগ বাংলাদেশ-ভারতের
প্রায় দেড় বছর টানাপড়েনের পর বাংলাদেশ ও ভারত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার দিকে এগোচ্ছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভারতভিত্তিক গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভিসা স্বাভাবিকীকরণ ইস্যুটি দুই দেশের সাম্প্রতিক আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের তালিকায় ছিল। বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ বাংলাদেশ ভিসা কেন্দ্রগুলো চালু রয়েছে।
ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের কিছু সময় ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও পরে তা পুনরায় চালু করা হয়েছে। এখন ভারতীয় পক্ষের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় ভিসা সেবা আরও স্বাভাবিকভাবে চালু হতে পারে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা উত্তেজনার মধ্য দিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে তা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। উচ্চপর্যায়ের যোগাযোগ ও পারস্পরিক সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক পুনরায় স্থিতিশীল করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে