পর্তুগাল-ওয়েলসের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ, ৩ দিনে ৫ ম্যাচ
আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘জি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।
বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নেবে। সেখানে বাংলাদেশকে খেলতে হবে টানা ব্যস্ত সূচিতে। মাত্র তিন দিনে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। ওই দিন সকাল ৯টায় ওয়েলসের মুখোমুখি হবে বাংলাদেশ।
পরদিন ২৫ অক্টোবর আরও দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। দুপুর ২টা ৩০ মিনিটে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে তারা। একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
২৬ অক্টোবরও বাংলাদেশের সূচিতে রয়েছে দুটি ম্যাচ। দুপুর ২টা ৩০ মিনিটে বুরুন্ডির বিপক্ষে এবং রাত ৮টা ৪৫ মিনিটে ফিজির বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অর্থাৎ প্রতিযোগিতার গ্রুপপর্বে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পাঁচটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলকে।
মতামত দিন