Views Bangladesh Logo

আরব বসন্ত-পরবর্তী পরিস্থিতির তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, মধ্যপ্রাচ্যের আরব বসন্ত-পরবর্তী পরিস্থিতির তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে। সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনে সরকারবিরোধী আন্দোলনের পর গৃহযুদ্ধ শুরু হলেও বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজিত ‘মননে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক পরিণতি। শেখ হাসিনা সরকারের পতনও দীর্ঘদিনের আন্দোলন, গুমের শিকার ব্যক্তিদের স্বজন, মানবাধিকারকর্মী, বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অব্যাহত প্রতিরোধের ফল।

তিনি বলেন, বছরের পর বছর মামলা, কারাবাস, গুম, নির্যাতন, সম্পত্তি দখল ও জীবিকা হারানোর মতো কঠিন বাস্তবতার মধ্য দিয়েও মানুষ আন্দোলন চালিয়ে গেছেন। সেই আত্মত্যাগই জুলাইয়ের গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নানা ধরনের বিতর্ক, বিভাজন ও হতাশা তৈরি হওয়াকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত প্রত্যাশা না রেখে বাস্তবতা বিবেচনায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বৈরশাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা। এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রেখে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে।

অনুষ্ঠানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবীর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ