Views Bangladesh Logo

অস্ট্রেলিয়ায় টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ এইচপি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট। জাতীয় দলের ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও সাফল্যের ধারাবাহিকতা দেখাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সোমবার ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ এইচপি।

মারারা ক্রিকেট গ্রাউন্ড-২-এ টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। স্পিনারদের দাপটে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমিকে ১৩১ রানে গুটিয়ে দেয় তারা। বাংলাদেশের হয়ে বল হাতে আলো ছড়ান মোহাম্মদ রুবেল। মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাঁর চারটি উইকেটই আসে বোল্ডের মাধ্যমে। বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ২৮ রানে নেন ৩ উইকেট। ভিক্টোরিয়ার হয়ে অধিনায়ক স্যাম হার্পার সর্বোচ্চ ৪৯ রান করেন।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৩৭ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় এইচপি দল। হাবিবুর রহমান কোনো রান না করেই ফেরেন। আরিফুল ইসলাম করেন ১৫, জিসান আলম ১১ এবং সাব্বির রহমান ৫ রান।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন। পঞ্চম উইকেটে দুজনের ৮৩ রানের জুটি বাংলাদেশকে জয়ের পথে ফেরায়। ইরফান ৩২ বলে ৪৩ রান করে আউট হলেও শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন শামীম।

৩৩ বলে ৩ ছক্কায় অপরাজিত ৫১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন এই হার্ডহিটার ব্যাটার। শেষ ওভারে ছক্কা মেরে নিজের ফিফটি পূর্ণ করার পাশাপাশি দলের টানা তৃতীয় জয়ও নিশ্চিত করেন তিনি।

নয় দলের টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ এইচপি। তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। নিজেদের চতুর্থ ম্যাচে আজ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ