ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাই কমিশনারের সাক্ষাৎ
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানায়।
বৈঠকে দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোসহ সামরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও উঠে আসে।
বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। এর আগে রাজনৈতিক পরিবর্তনের সময় দুই দেশের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও সাম্প্রতিক সময়ে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে।
উল্লেখ্য, এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন বাংলাদেশ হাই কমিশনার। একই ধারাবাহিকতায় আগামী দিনে আরও উচ্চপর্যায়ের বৈঠকের পরিকল্পনা রয়েছে।
এর অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শিগগিরই ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। ওই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে