২ মাসের পেট্রোল ও অকটেন মজুত আছে: জ্বালানি মন্ত্রণালয়
আগামী দুই মাসের পেট্রোল ও অকটেন মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, বর্তমানে দেশে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৪৩ টন, অকটেন ৯ হাজার ৫৬৯ টন এবং পেট্রোল ১৬ হাজার ৮১২ টন।
মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। তবে মূল্য সমন্বয় করলে প্রকৃত দাম দাঁড়ায় ১৫৫ টাকা। অর্থাৎ প্রতি লিটারে সরকার ৫৫ টাকা ভর্তুকি দিচ্ছে, যা প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার কোটি টাকায় গিয়ে ঠেকছে। যুদ্ধ পরিস্থিতির উন্নতি সাপেক্ষে জ্বালানির মূল্য পুনর্নির্ধারণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।
জ্বালানি সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় রয়েছে। আরেকটি জাহাজ আগামী ১৮ এপ্রিল রওনা হবে এবং তৃতীয় একটি জাহাজের বিষয়ে আলোচনা চলছে।
এছাড়া সারাদেশে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলেও দীর্ঘমেয়াদে জ্বালানি মজুত বাড়ানো প্রয়োজন উল্লেখ করে মনির চৌধুরী বলেন, কমপক্ষে তিন মাসের জ্বালানি মজুত রাখার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে