Views Bangladesh Logo

স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি: ড. ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা; যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে; কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে।”

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই বিদ্রোহে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, `তাদের আত্মত্যাগের কারণেই আমরা একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা বৃথা যেতে দেব না।'

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আজকের এই অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, নিজের জীবদ্দশায় দেশের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য পুরস্কার পাওয়ার আনন্দ মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যিনি সম্মানিত হচ্ছেন, তিনি আমাদের মাঝে আর নেই।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন আমরা ভবিষ্যতে একটি নিয়ম তৈরি করি, যাতে আমরা মরণোত্তর পুরস্কার দেয়ার প্রথা বন্ধ করে যারা এখনো জীবিত আছেন তাদের পুরস্কার দেই। আমরা তাদের সম্মান জানাই। তারা আমাদের জাতিকে উচ্চ মর্যাদায় নিয়ে গেছেন। আমরা কেবল তাদের পুরস্কার দিয়ে সম্মানিত করছি না বরং তাদের মাধ্যমে আমরা জাতি হিসেবে সম্মানিত হচ্ছি। তাদের প্রত্যেকেই আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। তারা জাতির জন্য অনেক কিছু দিয়েছেন। আমরা যদি তাদের জীবদ্দশায় স্মরণ না করি তাহলে আমরা কৃতঘ্ন জাতি হিসেবে চিহ্নিত হবো। যাদের আমরা এই সম্মান দিতে চাই, তাদের সঠিক সময়ে তা দেই।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ