Views Bangladesh Logo

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। ফলে স্বাগতিক টাইগাররা আগে ব্যাটিং করতে নামবে।

শুক্রবার (৮ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হারলেও সমস্যা দেখছেন না শান্ত। স্পোর্টিং উইকেটে শুরুতে বড় রান করতে চান তারা।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করার সেই সুখস্মৃতি এখনো সতেজ টাইগার শিবিরে। যদিও দুই দলই বলছে, সেই সিরিজ এখন অতীত, তবে রাওয়ালপিন্ডির সেই ২-০ ব্যবধানের জয় নিশ্চিতভাবেই প্রেরণা জোগাবে মুশফিক-লিটনদের।

মিরপুরের উইকেটে সাধারণত স্পিনারদের দাপট দেখা গেলেও এবার কিছুটা ভিন্ন পথে হেঁটেছে বাংলাদেশ। একাদশে রাখা হয়েছে তিনজন বিশেষজ্ঞ পেসারকে। নাহিদ রানার সঙ্গে একাদশে ফিরেছেন এবাদত হোসেন চৌধুরী। লম্বা সময় টেস্টে বিরতি কাটিয়ে এই টেস্টে অনুমিতভাবেই একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে মেহেদী হাসান মিরাজ থাকছেন মূল ভরসা হিসেবে।

মিরপুর টেস্টে বাংলাদেশ কাউকে অভিষেক করায়নি। তবে পাকিস্তান দুজন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়েছে। আগের রাতে হাঁটুর চোটে অভিজ্ঞ বাবর আজম ছিটকে যাওয়ায় পাকিস্তান দুই ব্যাটারকে অভিষেক করিয়েছে। অভিষেক হয়েছেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের।

আজ মিরপুর টেস্টের প্রথম দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল। উইকেটে ঘাস রয়েছে, আর কয়েকদিনের বৃষ্টিতে আউটফিল্ড জুড়ে সবুজের ছোঁয়া। মিরপুরের চিরাচরিত উইকেটের বদলে এবার পেসাররা বাড়তি সহায়তা পেতে পারেন এবং বড় রানের ইনিংস দেখার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ