তিন মাসে রেমিট্যান্স এসেছে ৭ বিলিয়ন ডলার
গত তিন মাসে সাত বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত গত তিন মাসে দেশে সাত দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবসীরা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং নথিটি শেয়ার করেছে।
গত তিন মাসে মোট দুই লাখ ২২ হাজার ৮২১ জন বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের অধীনে চার হাজার ৪২৬ জন কর্মী বিভিন্ন দেশে গেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোকে প্রায় ৩৪ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। প্রতিটি পরিবার পেয়েছে তিন লাখ টাকা করে।
আহত ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসায় আর্থিক সহায়তা করা হয়েছে হিসেবে এক কোটি ৮৮ লাখ টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোকে মরদেহ বহন ও অন্ত্যেষ্টিক্রিয়ায় দেয়া হয়েছে চার কোটি ৩২ লাখ টাকা।
গত তিন মাসে, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের পরিবারগুলোর মধ্যে ১২ কোটি ৩৯ লাখ টাকার বিমা বিতরণ এবং প্রায় এক কোটি ৯৭ লাখ টাকা অভিবাসী শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তা দেয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে মোট ২১৬ কোটি ৩৩ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ পেয়েছেন নয় হাজার ৯৮৯ জন অভিবাসী শ্রমিক। পুনর্বাসন ঋণ খাত থেকে, এই সময়ের মধ্যে ৮২১ জন প্রবাসী শ্রমিকদের ২২ কোটি ৮৯ লাখ টাকা বিতরণের কথাও জানিয়েছে সরকারি তথ্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে