Views Bangladesh Logo

বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক জোরদারে পারস্পরিক সহযোগিতার প্রত্যয়

দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও বিস্তৃত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ফ্রান্স। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারেলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। বৈঠকে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রও আলোচনায় আসে।

প্রতিমন্ত্রী বাংলাদেশে আরও ফরাসি বিনিয়োগের আহ্বান জানিয়ে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ গবেষণা, প্রযুক্তি ও ওষুধ শিল্পে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন। অনিয়মিত অভিবাসন ও মানব পাচার মোকাবিলায় বাংলাদেশের শূন্য-সহনশীলতা নীতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে দুই দেশের অগ্রাধিকার ও প্রত্যাশা নিয়েও মতবিনিময় হয়। জলবায়ু পরিবর্তন, বহুপাক্ষিক সহযোগিতা এবং বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা করেন তারা। জলবায়ু ও বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ-ফ্রান্সের সহযোগিতার দীর্ঘদিনের ভিত্তি রয়েছে।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ফ্রান্সের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে নিজেদের প্রস্তুতির কথা জানায়। রাষ্ট্রদূতও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ফ্রান্সের আগ্রহের কথা জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ