স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশেষ করে পল্লী উন্নয়ন, অবকাঠামো এবং গ্রামীণ যোগাযোগ খাতে অংশীদারিত্ব বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের অনগ্রসর জেলাগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ উন্নয়নে ফ্রান্স কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি এসব অঞ্চলের উন্নয়ন চাহিদা ও বিভিন্ন সমস্যার বিষয় রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।
এদিকে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করে বলেন, ফ্রান্স এই সম্পর্ককে আরও সুদূরপ্রসারী করতে আগ্রহী। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অংশীদার হতে চায় ফ্রান্স, বিশেষ করে গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ খাতে সহযোগিতা জোরদারে তারা আশাবাদী।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে