চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরাম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এসব সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগ-সংযোগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি উঠে এসেছে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুও। প্রতিটি বৈঠকেই বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্কের দিকনির্দেশনা দেবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে সাক্ষাতে দুই পক্ষ চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব গড়ে তুলতে ব্যাপক সহযোগিতামূলক অংশীদারত্ব এগিয়ে নেওয়ার অঙ্গীকার করে। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) প্রত্যাবাসন, মাল্টিমোডাল পরিবহন করিডোর, বাণিজ্য-বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। দুই পক্ষ জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়।
দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রহমান রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আসিয়ান রিজিওনাল ফোরামের ৩৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়া মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।
মতামত দিন