পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ
কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। এর আগে লিগ পর্বেও একই ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
ফাইনালের প্রথম সেটে শুরুতে ৭-৭ সমতায় ছিল দুই দল। তবে এরপর ধারাবাহিকভাবে পয়েন্ট তুলে ছন্দে ফিরে পাকিস্তান ২৫-২০ ব্যবধানে সেটটি জিতে নেয়। দ্বিতীয় সেটে বাংলাদেশ কয়েকবার এগিয়ে গেলেও সেই সুবিধা ধরে রাখতে পারেনি। একসময় ১০-৯ পয়েন্টে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২৫-১৬ ব্যবধানে সেটটি জিতে শিরোপার আরও কাছে পৌঁছে যায় পাকিস্তান।
তৃতীয় সেটেও লড়াইয়ের চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুলের সুযোগ নিয়ে ২৫-২০ ব্যবধানে সেট জিতে ম্যাচ নিশ্চিত করে স্বাগতিকরা।
রানার্সআপ হলেও পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। সাত ম্যাচে পাঁচটি জয় ও দুটি হার নিয়ে প্রতিযোগিতা শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা তিন সেটে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
মতামত দিন