৭০ বছরের ইতিহাসে প্রথমবার মূলপর্বে বাংলাদেশের সিনেমা
বাংলাদেশের সিনেমার জন্য নতুন ইতিহাস তৈরি করেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজন বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা এই বিভাগে নির্বাচিত হলো।
আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের লন্ডন চলচ্চিত্র উৎসব। ব্রিটিশ সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, উৎসবের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত ১০টি সিনেমার একটি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এর আগে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেয় সিনেমাটি। পরে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়।
লন্ডন উৎসবে বাংলাদেশের সিনেমাটির সঙ্গে সেরা ছবির পুরস্কারের দৌড়ে রয়েছে জাপান, ইউক্রেন, যুক্তরাজ্য, হাঙ্গেরি, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, ইতালি, পোল্যান্ড ও ডেনমার্কের সিনেমা।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ মঞ্চে বাংলাদেশের সিনেমার উপস্থিতি আরও জোরালো হলো।
মতামত দিন