চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার, মুখোমুখি দুই প্যানেল
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৩ জুলাই)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি একটি পদে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীও।
আরমান–মুক্তি প্যানেল
এই প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি।
এ ছাড়া সহসভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমল।
শিবা সানু–জয় চৌধুরী প্যানেল
এ প্যানেলে সভাপতি পদে লড়ছেন অভিনেতা শিবা সানু। সাধারণ সম্পাদক পদে তার সঙ্গে রয়েছেন জয় চৌধুরী।
এই প্যানেলে সহসভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন জাদু আজাদ।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউসুফ খান। ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন আলীরাজ, ইয়ামীন হক ববি, কাবিলা, কায়েস আরজু, নাসরিন, শিরিন শিলা, শামীম খান (চিকন আলী), স্বপ্না কাশেম, হাসান জাহাঙ্গীর, হোসনে আরা রিয়াসহ আরও অনেকে।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু।
উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
মতামত দিন