Views Bangladesh Logo

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ: ইকোনমিস্টের প্রতিবেদন

দুর্বল ব্যাংক খাত, উচ্চ মূল্যস্ফীতি, কম রাজস্ব আয়, জ্বালানি সংকট ও রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনীতি চাপে পড়েছে। এ কারণে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ তিন বছর পিছিয়েছে। এই বাড়তি সময়ে সংস্কার না হলে দেশ দীর্ঘমেয়াদি ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট।

আগামী ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি থেকে বেরিয়ে আসার কথা ছিল। তবে উত্তরণের পর স্বল্পসুদের ঋণ এবং উন্নত দেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা হারানোর আশঙ্কা ছিল, বিশেষ করে তৈরি পোশাক খাতে। সংকট মোকাবিলায় বাংলাদেশ জাতিসংঘের কাছে সময় বাড়ানোর আবেদন করে, যা গত মাসে অনুমোদন পায়। ইকোনমিস্টের মতে, এটি দুর্বলতা কাটিয়ে ওঠার গুরুত্বপূর্ণ সুযোগ।

সাময়িকীটি বলছে, বর্তমান সংকটের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কার দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা অন্যতম কারণ। ওই সময় ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাংক খাত থেকে বিপুল অর্থ সরানোর অভিযোগ ওঠে। ফলে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি বা ঝুঁকিপূর্ণ। হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের ঘটনায় অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইকোনমিস্ট।

আন্তর্জাতিক পরিস্থিতিও অর্থনীতিতে প্রভাব ফেলেছে। ইরানকে কেন্দ্র করে যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। এতে কারখানার উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে এবং ব্যয় বেড়েছে। মজুরি বাড়ানোর দাবিতে শিল্পাঞ্চলে অসন্তোষ ও ধর্মঘট দেখা দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমনে নতুন সরকারের উদ্যোগেও প্রত্যাশিত গতি নেই।

২০২২ সালের মাঝামাঝি থেকে দেশে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নামেনি। ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৫ শতাংশে, যা আগে ছিল প্রায় ৬ শতাংশ। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দারিদ্র্যের হারও বাড়ছে। প্রায় পাঁচ বছর ধরে মজুরির চেয়ে মূল্যস্ফীতি বেশি থাকায় মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। শিক্ষিত তরুণদের মানসম্মত কর্মসংস্থানের সংকটও কাটেনি।

ইকোনমিস্টের বিশ্লেষণে বৈদেশিক লেনদেনে তাৎক্ষণিক বড় সংকটের আশঙ্কা কম, কারণ প্রবাসী আয় ও পোশাক রপ্তানি পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে। তবে অভ্যন্তরীণ দুর্বলতা বড় উদ্বেগের। চলতি বছর বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধে জিডিপির প্রায় ৩ শতাংশ ব্যয় হতে পারে। আর কর-জিডিপি অনুপাত মাত্র প্রায় ৭ শতাংশ হওয়ায় ঋণ পরিশোধের পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণমূলক ব্যয় মেটানো কঠিন হচ্ছে।

সাময়িকীটি ব্যাংক খাতের সংস্কারকে সবচেয়ে জরুরি পদক্ষেপ বলছে। এর মধ্যে রয়েছে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন। এ ক্ষেত্রে আইএমএফের সহায়তা কাজে লাগতে পারে। তবে সহায়তার বিনিময়ে সংস্থাটি ভর্তুকি কমানোর মতো শর্ত দিতে পারে, যা সরকারের জন্য রাজনৈতিকভাবে কঠিন হবে।

বাড়তি তিন বছরে কর আদায়ের পরিধি বাড়ানো, ব্যাংক খাত সংস্কার ও প্রতিযোগিতা সক্ষমতা জোরদারের পরামর্শ দিয়েছে ইকোনমিস্ট। এলডিসি-পরবর্তী বাণিজ্যসুবিধা হারানোর প্রভাব সামলাতে বিভিন্ন দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির কথাও বলা হয়েছে। প্রতিবেদনের সারকথা, দারিদ্র্য কমানো ও দীর্ঘদিনের শাসনব্যবস্থার পতন বাংলাদেশের বড় অর্জন। তবে তা ধরে রাখতে অর্থনৈতিক ভিত্তি মজবুত করা, কর্মসংস্থান বাড়ানো ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিকল্প নেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ