এশিয়ান কাপ বাছাইপর্বে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
গ্রুপ ‘সি’-তে ইতোমধ্যে শীর্ষস্থান নিশ্চিত করে মূল পর্বে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এই ম্যাচ জিতে বাছাইপর্বটা ইতিবাচকভাবে শেষ করতে চায়।
ঘরের মাঠে প্রথম লেগে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি লাল-সবুজদের জন্য প্রতিশোধেরও সুযোগ।
সিঙ্গাপুরের কোচ গ্যাভিন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীকে দলের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতার কারণে তাকে থামাতে সম্মিলিত পারফরম্যান্স দরকার হবে বলে মনে করেন তিনি।
পরিসংখ্যান বলছে, সিঙ্গাপুর তিনটি অ্যাওয়ে ম্যাচেই জয় পেলেও নিজেদের মাঠে সর্বশেষ দুটি ম্যাচে জয় পায়নি। অন্যদিকে কোচ হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে—ভারত ও হংকংয়ের বিপক্ষে ড্র করেছে।
এই ম্যাচটি সিঙ্গাপুরের জন্য মূল এশিয়ান কাপের প্রস্তুতির শেষ ধাপ হলেও বাংলাদেশের জন্য এটি সম্মান নিয়ে বাছাইপর্ব শেষ করার লড়াই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে