ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বাড়ছে বাংলাদেশের দুশ্চিন্তা
টি২০ ফরম্যাটে বড় স্বস্তির খবর পেলেও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে শঙ্কা কাটছে না বাংলাদেশের। ২০২৮ সালের টি২০ বিশ্বকাপে সরাসরি খেলার নিশ্চয়তা মিলেছে, তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে টাইগারদের।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, চলমান টি২০ বিশ্বকাপের সেরা আট দলের সঙ্গে ৯ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও চার দল সরাসরি পরবর্তী আসরে খেলবে। বর্তমান র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ সেই অতিরিক্ত চার দলের একটি হিসেবে জায়গা নিশ্চিত করেছে। ফলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৮ টি২০ বিশ্বকাপে খেলবেন লিটন দাসরা।
এই সুবিধা পাওয়ার পেছনে বড় কারণ—নির্ধারিত সময়ের আগে বাংলাদেশের কোনো টি২০ ম্যাচ নেই, তাই বর্তমান র্যাঙ্কিংই চূড়ান্ত হিসেবে ধরা হয়েছে। স্বাগতিক হওয়ায় অস্ট্রেলিয়াও সরাসরি জায়গা পেয়েছে, যদিও তারা চলমান আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
ওয়ানডে বিশ্বকাপ সামনে কঠিন সমীকরণ
টি২০তে স্বস্তি থাকলেও ওয়ানডেতে পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে। নিয়ম অনুযায়ী ২০২৭ সালের বিশ্বকাপ, যা হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে, সেখানে সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা আটে উঠতে হবে।
স্বাগতিক দুই দল এমনিতেই সুযোগ পাবে। তবে তাদের কেউ যদি শীর্ষ আটে থাকে, তাহলে নবম দলও সরাসরি সুযোগ পাবে। কিন্তু জিম্বাবুয়ে বর্তমানে ১১ নম্বরে থাকায় বাংলাদেশের অবস্থান কার্যত সরাসরি যোগ্যতার বাইরে।
বাংলাদেশের সামনে তাই কঠিন সূচি অপেক্ষা করছে। ঘরের মাঠে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজ, আর বিদেশে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফর—প্রতিটি ম্যাচই হয়ে উঠবে বিশ্বকাপ ভাগ্য নির্ধারণের লড়াই।
টি২০ বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় আপাত স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে এখন থেকেই শুরু হয়ে গেছে বাংলাদেশের আসল পরীক্ষা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে