হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের। তাই আজ চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে সম্মান রক্ষার লড়াই। হোয়াইটওয়াশ এড়ানোই এখন মূল লক্ষ্য।
শেষ ম্যাচে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত মিলছে বাংলাদেশ শিবিরে। দ্বিতীয় ম্যাচে ব্যর্থ পারফরম্যান্সের পর একাদশ থেকে বাদ পড়তে পারেন সাকলাইন, একই সঙ্গে জায়গা হারাতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে দুই ম্যাচে প্রত্যাশা পূরণ না করলেও শামীম হোসেন পাটোয়ারীকে আবারও সুযোগ দেওয়া হতে পারে।
ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে। তিন নম্বরে খেলতে পারেন সৌম্য সরকার। মিডল অর্ডারে থাকবেন পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহীদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারী। লোয়ার অর্ডারে দায়িত্ব নিতে পারেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথম দুই ম্যাচে না থাকা তাসকিন আহমেদ শেষ ম্যাচে ফিরতে পারেন একাদশে। মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণে থাকতে পারেন নাহিদ রানা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
মতামত দিন