Views Bangladesh Logo

কানাডার সাসকাচুয়ান প্রদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

কানাডার সাসকাচুয়ান প্রদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এই সহযোগিতার আওতায় প্রচলিত জ্বালানি, পরিচ্ছন্ন প্রযুক্তি এবং ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)-এর মতো উদীয়মান খাতগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি কানাডার সাসকাচুয়ানে অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার মো. জসিম উদ্দিন এই প্রস্তাব উত্থাপন করেন।

সাসকাচুয়ান প্রদেশের প্রিমিয়ার স্কট মো’র সঙ্গে বৈঠকে তিনি জ্বালানি, কৃষি, কৃষি-পণ্য সরবরাহ শৃঙ্খল (ভ্যালু চেইন) এবং গবেষণা সহযোগিতার লক্ষ্যে একটি ‘বাংলাদেশ–সাসকাচুয়ান সহযোগিতা কাঠামো’ তৈরির প্রস্তাব দেন। প্রিমিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রাদেশিক বাণিজ্য ও রপ্তানি উন্নয়নমন্ত্রী ওয়্যারেন কেডিংও উপস্থিত ছিলেন।

বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশের পক্ষ থেকে প্রচলিত জ্বালানি ও পরিচ্ছন্ন প্রযুক্তির পাশাপাশি এসএমআর খাতে সহযোগিতার মাধ্যমে জ্বালানি উৎস বৈচিত্র্যকরণের আগ্রহ তুলে ধরা হয়।

এ ছাড়া সাসকাচুয়ানের জ্বালানি ও সম্পদমন্ত্রী ক্রিস বোড্রি এবং কৃষিমন্ত্রী ডেভিড মারিটের সঙ্গে পৃথক বৈঠকে হাইকমিশনার একই আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় উভয় পক্ষ প্রযুক্তিগত সহযোগিতা, গবেষণা অংশীদারিত্ব এবং জ্ঞান বিনিময়ের সুযোগের ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কৃষি-খাদ্য পণ্য ও পটাশ সার—যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। উভয় পক্ষ কৃষি প্রক্রিয়াজাতকরণ, কৃষি প্রযুক্তি এবং ক্যানোলাভিত্তিক ভোজ্য তেল উৎপাদনের মতো মূল্য সংযোজন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

সফরকালে রেজিনার গভর্নমেন্ট হাউসে লেফটেন্যান্ট গভর্নর বার্নাডেট ম্যাকইন্টায়ারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাসকাচুয়ান আইনসভার অধিবেশন প্রত্যক্ষ করেন হাইকমিশনার জসিম উদ্দিন।

তিনি রেজিনা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন। সেখানে একাডেমিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সাসকাচুয়ান ট্রেড অ্যান্ড এক্সপোর্ট পার্টনারশিপ, সাসপাওয়ার এবং পেট্রোলিয়াম টেকনোলজি রিসার্চ সেন্টারের প্রতিনিধিদের সঙ্গেও হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ এবং খাতভিত্তিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ