কোটা আন্দোলন: যুক্তরাষ্ট্রের ‘ভিত্তিহীন' দাবিতে বাংলাদেশের হতাশা
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে দুজন নিহতের তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে তা ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এই হাতাশা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যে আমরা অত্যন্ত হতাশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াশিংটনে গতকাল (সোমবার) দুই শিক্ষার্থী নিহত হওয়ার তথ্য দিয়েছেন। এটা ভিত্তিহীন। এমন ভিত্তিহীন অযাচাইকৃত তথ্যের ব্যবহার সহিংসতা বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে।
অহিংস প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। বাংলাদেশ সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল।
গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা মূল্যবোধ বিরোধী। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে ওই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে বাংলাদেশ কাজ করতে অঙ্গীকারবদ্ধ বলেও বিবৃতিতে জানানো হয়।
প্রসঙ্গত, সোমবার (১৫ জুলাই) বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে চলমান আন্দোলনের বিষয়ে অবগত থাকার পাশাপাশি এই ইস্যুতে বাংলাদেশে কী ঘটছে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়।
মতামত দিন