Views Bangladesh Logo

ব্রাসেলসে বাংলাদেশ-ইইউ প্রাথমিক পিসিএ চুক্তি সই

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রাথমিক অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার (২০ এপ্রিল) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্থানীয় সময় এ চুক্তি সই হয়।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কাল্লাস। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং ইইউ এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালোনি চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ইইউর মধ্যে নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয় ২০২৩ সালের ২৫ অক্টোবর ব্রাসেলসে। সে সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন।

পিসিএ নিয়ে প্রথম দফা আলোচনা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ইইউ আলোচনা স্থগিত করে। পরে অন্তর্বর্তীকালীন আগের সরকারের সঙ্গে পিসিএ স্বাক্ষরের সিদ্ধান্ত নেয় ইইউ, যার পরিপ্রেক্ষিতে নভেম্বরে ঢাকায় অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়।

পিসিএ নিয়ে বাংলাদেশ ও ইইউর প্রথম আনুষ্ঠানিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় ২০২৫ সালের এপ্রিল মাসে ব্রাসেলসে। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা ও সিলেটে আরেক দফা আলোচনা হয়, যেখানে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে চুক্তির খসড়া চূড়ান্ত করে।

পিসিএ একটি আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি, যা ইইউ এবং অংশীদার দেশের মধ্যে সহযোগিতার কাঠামো নির্ধারণ করে। এই চুক্তির মাধ্যমে রাজনৈতিক সংলাপ, শান্তি ও নিরাপত্তা, সুশাসন ও মানবাধিকার, বাণিজ্য, অর্থনীতি এবং আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদার দেশের সঙ্গে কাজ করে ইইউ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ