বাংলাদেশ-ইথিওপিয়া বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জোর
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইথিওপিয়ার প্রেসিডেন্ট তায়ে আতস্কেসেলাসি মাদে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।
শুরুতে ইথিওপিয়ার প্রেসিডেন্ট ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান এবং সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে, বিশেষ করে আফ্রিকায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দিয়ে তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যসহ সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরেন। একই সঙ্গে ঢাকায় ইথিওপিয়ার দূতাবাস স্থাপনের আহ্বান জানান।
জবাবে ইথিওপিয়ার প্রেসিডেন্ট তার দেশে বিশেষ করে গার্মেন্টস ও ফার্মাসিউটিক্যাল খাতে বাংলাদেশের বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে ব্যবসায়ী পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
উভয় পক্ষ জাতিসংঘ, ন্যাম, গ্রুপ অব ৭৭ এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে তা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইথিওপিয়ার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে