Views Bangladesh Logo

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

ভারতের রাজধানী নয়াদিল্লি-তে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ শুক্রবার সকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের মূল আলোচনার বিষয় ছিল ঢাকা-দিল্লি সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করা।

শুক্রবার দুপুরে এস জয়শংকর ও এম রিয়াজ হামিদুল্লাহ নিজেদের এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে এ তথ্য জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি ছিল আমাদের আলোচনার প্রতিপাদ্য।’

বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে, সেটা নিশ্চিত করেছি।’

কূটনৈতিক সূত্র জানিয়েছে, একই দিনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল-এর সঙ্গেও হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

গত বছরের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে রিয়াজ হামিদুল্লাহ দায়িত্ব পালন করছেন। ভারতে কাজ শুরুর পর এই প্রথম তিনি দেশটির মন্ত্রী পর্যায়ে সাক্ষাতের সুযোগ পেলেন। অবশ্য গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ।

এদিকে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে ভারতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মরিশাস যাওয়ার পথে তিনি ৮ এপ্রিল দিল্লি সফর করতে পারেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ