লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করেছে সরকার।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ ছিল। বিশেষ করে কমিউনিটির মধ্যে বিভাজন সৃষ্টি এবং মিশনের কার্যক্রমে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় সরকার তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
হুমায়ুন কবির বলেন, হাই কমিশনার আবিদা ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশে বাংলাদেশের কোনো মিশন প্রধানের দায়িত্বে এটিই প্রথম পরিবর্তন।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়।
১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে