Views Bangladesh Logo

সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিনিয়োগকারী ও জ্যেষ্ঠ নির্বাহীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে বাংলাদেশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালিতে ‘বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল। এতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবালসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বৈঠকটি সঞ্চালনা করেন কারম্যাক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা শামীম মোহাম্মদ। এতে রেপলিটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমজাদ মাসাদ, জিস্কেলারের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জয় চৌধুরী এবং ইন্টেলের সাবেক চেয়ারম্যান ও মেডট্রনিকের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ওমর ইশরাকসহ প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর নকশা ও উৎপাদন, ডিজিটাল অবকাঠামো, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, ভেঞ্চার ক্যাপিটাল, স্বাস্থ্যপ্রযুক্তি, পৃথিবী পর্যবেক্ষণ প্রযুক্তি এবং উন্নত উৎপাদন খাতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগের বাস্তব সুযোগ এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের প্রতিনিধিরা দেশের প্রযুক্তি ও মানবসম্পদভিত্তিক প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন এবং এসব খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ