নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের
ভারী বৃষ্টিপাত, বন্যা ও আকস্মিক ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটক এবং ট্রেকারদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং সড়ক যোগাযোগ সচল না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জারি করা এক বিশেষ ভ্রমণ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে নেপালের পিসাং, চামে, মানাংসহ আশপাশের অনেক স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উদ্ধার কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এমন উদ্ভূত পরিস্থিতিতে মানাং অঞ্চলের বিখ্যাত তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও ভিমথাং এলাকার সব ধরনের ট্রেকিং কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে জনপ্রিয় পর্যটন নগরী পোখরা এবং এর সংলগ্ন ট্রেকিং রুটগুলোতে যাতায়াতেও বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া মুস্তাং ও জমসম এবং অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণের পূর্বে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়ক যোগাযোগ সম্পর্কে সর্বশেষ তথ্য না জেনে ভ্রমণ না করতে বলা হয়েছে, কারণ ধসের কারণে যেকোনো সময় মূল সড়ক বন্ধ হয়ে যেতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলে পর্বতারোহণ বা ট্রেকিংয়ের পরিকল্পনা থাকা বাংলাদেশিদের অবশ্যই সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করতে হবে এবং নেপাল সরকারের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে। ইতোমধ্যে যারা ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছেন, তাদেরকে নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধস প্রবণ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে জানিয়ে বাংলাদেশ দূতাবাস বলেছে, নেপালি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।
মতামত দিন