লেবাননে বসবাসরত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা
লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও বর্তমান পরিস্থিতির অনিশ্চয়তা বিবেচনা করে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। লেবানন সরকারের পক্ষ থেকে পরবর্তী আনুষ্ঠানিক নির্দেশনা না আসা পর্যন্ত প্রবাসীদের নিরাপদ স্থানে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, যে সকল বাংলাদেশি নাগরিক বর্তমানে নিরাপদ আশ্রয়স্থলে অবস্থান করছেন, তারা যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত স্থান ত্যাগ না করেন। যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে লেবানন কর্তৃপক্ষের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা বা দিকনির্দেশনা না আসা পর্যন্ত প্রবাসীদের জানমালের নিরাপত্তায় এ পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কর্মজীবী প্রবাসীরা তখনই তাদের কর্মস্থল বা বাসভবনে ফিরবেন, যখন তাদের নিয়োগকর্তারা (কফিল) সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্থিতিশীল এবং নিরাপদ বলে নিশ্চিত করবেন। নিয়োগকর্তার সবুজ সংকেত পাওয়ার আগে কোনোভাবেই ঝুঁকি না নিতে সতর্ক করা হয়েছে।
যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়টি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই অবস্থায় যেকোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছে দূতাবাস

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে