নারী এশিয়া কাপের সূচি ও গ্রুপ ঘোষণা
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ষষ্ঠ আসরের সূচি ও গ্রুপ ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। ফলে গ্রুপ পর্বে ভারত বা পাকিস্তানের মুখোমুখি হতে হচ্ছে না নিগার সুলতানাদের।
আগামী ২৮ আগস্ট টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে এবং দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর, আর ফাইনাল ১৩ সেপ্টেম্বর।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, সঙ্গে আছে থাইল্যান্ড ও হংকং। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
টুর্নামেন্টের সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হবে।
নারী এশিয়া কাপের ইতিহাসে ভারত সর্বাধিক তিনবার শিরোপা জিতেছে। বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল, আর বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে।
মতামত দিন