Views Bangladesh Logo

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতিতে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের আলোচনা

 VB  Desk

ভিবি ডেস্ক

রোহিঙ্গা সংকটের ওপর ২০২৫ সালে জাতিসংঘ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সম্ভাব্য ধারা ও লক্ষ্য নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকারমূলক বিষয়ে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।

২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যে রোহিঙ্গা সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এ সম্মেলনের প্রস্তাবনা উত্থাপন করা হয়।

সোমবারের বৈঠকে ড. খলিলুর রহমান সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি জানান, সম্মেলন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তিনি উল্লেখ করেন, আঞ্চলিক সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সরকারের সদিচ্ছা ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার প্রয়াস সম্পর্কে।

বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়, যা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক। একই সঙ্গে রাখাইন রাজ্যে সাম্প্রতিক পরিস্থিতির আলোকে মানবিক সহায়তার ক্রমবর্ধমান চাহিদার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

তিনি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক হিসেবে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সংকটের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে একটি বাস্তবমুখী ফলাফলের জন্য তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ