ফিফা সভাপতিকে কোনো সমর্থন জানায়নি বাংলাদেশ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বিশ্বকাপের স্বত্ব বিক্রি এবং ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পে বাংলাদেশ আগাম কোনো সমর্থন জানায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ফিফা সভাপতির প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ। তবে সেই দাবি নাকচ করে তাবিথ আউয়াল বলেন, বাফুফে এ বিষয়ে কোনো আগাম সমর্থন দেয়নি।
রোববার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেডারেশনের যেকোনো সিদ্ধান্ত নির্বাহী কমিটির (ইসি) আলোচনার পর চূড়ান্ত করা হয় এবং এরপর তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
তাবিথ আউয়াল বলেন, ‘আমরা কোনো আগাম সমর্থন জানাইনি। কোনো ব্যক্তির জন্য দেইনি, কোনো প্রতিষ্ঠানের পক্ষেও দেইনি। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের যে কর্মসূচি নিয়ে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর মতামত চাওয়া হয়েছিল, আমাদের ইসি তা বিবেচনা করার আগেই ফিফা সেটি বাতিল ঘোষণা করেছে।’
প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের আওতায় বিশ্বকাপের ২০ শতাংশ মালিকানা একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রস্তাব ছিল। এর বিনিময়ে ফিফার প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ থাকার কথা ছিল। বর্তমানে ফিফার ‘ফরোয়ার্ড’ কর্মসূচির আওতায় সদস্য অ্যাসোসিয়েশনগুলো সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পেয়ে থাকে।
প্রকল্পটি বাতিল হয়ে গেলেও ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রস্তাবিত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে উয়েফার জোরালো অবস্থানের কারণে বিষয়টি এখন বৃহত্তর ভূরাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে বলে মনে করেন তাবিথ আউয়াল।
তিনি বলেন, ‘ইস্যুটায় উয়েফার একটি শক্ত ভূমিকার কারণে ভূরাজনৈতিক রূপ নিচ্ছে। এ কারণে আমি মনে করি নির্বাহী কমিটিসহ আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলতে হবে। সার্বিক বিষয়ে আলাপ করেই আমরা ভবিষ্যতে আমাদের অবস্থান জানাব।’
মতামত দিন