বিকেলে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর লক্ষ্যে তৃতীয় দফায় আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছে উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল। সোমবার (২৮ জুলাই) বিকেলে ওয়াশিংটন ডিসির উদ্দেশে ঢাকা ছাড়বে প্রতিনিধিদলটি।
দুই দিনের এই বৈঠক আগামী ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। এটি আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া নতুন শুল্ক কাঠামোর পূর্বে শুল্কহার কমানোর প্রচেষ্টার একটি অংশ। প্রস্তাবিত নতুন শুল্ক কাঠামো কার্যকর হলে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর গড় শুল্কহার ৫০ শতাংশে পৌঁছাতে পারে।
রোববার (২৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান প্রতিনিধিদলের সফর নিশ্চিত করেন।
প্রতিনিধিদলে রয়েছেন—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।
উল্লেখ্য, গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক চিঠির মাধ্যমে এই নতুন শুল্কহার কার্যকরের কথা জানান।
ঢাকার কর্মকর্তারা আশাবাদী, আসন্ন আলোচনার মাধ্যমে প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি হ্রাস অথবা স্থগিত করা হবে যা দেশের রপ্তানিনির্ভর অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে