কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বাংলাদেশের
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করবে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতের আমিরের মৃত্যুতে ১৮ ডিসেম্বর বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়া কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য ওইদিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এ ছাড়া দেশটিতে তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন শেখ নওয়াফ। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে