Views Bangladesh Logo

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন জাকির হাসান। আট ইনিংসের মধ্যে তিনটিতে পঞ্চাশ পেরিয়েছেন, যার মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ঘরোয়া ক্রিকেটের এই ফর্ম টেনে নিয়ে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষেও। তার সেঞ্চুরিতে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ ইমার্জিং টিম-জিম্বাবুয়ে ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। জাকিরের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮৫ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।

বগুড়ায় আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে ‘এ’ দলের অধিনায়ক রয় কাইয়া। আগে ব্যাটিং করা বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৪০ ওভারে ৪ উইকেটে ২৭২ রান। শেষ ১০ ওভারে স্বাগতিকেরা রান তোলার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেটও হারিয়েছে। ৬ উইকেট হারিয়ে ৯২ রান যোগ করায় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩৬৪ রান। জিম্বাবুয়ের আর্নেস্ট মাসুকু ১০ ওভারে ৭০ রানে নিয়েছেন ৩ উইকেট।

৩৬৫ রানের লক্ষ্যে নেমে ৬০ রানের জুটি গড়েন জিম্বাবুয়ে ‘এ’ দলের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও ম্যাথু ক্যাম্পবেল। দশম ওভারের চতুর্থ বলে ইনোসেন্ট কাইয়াকে (২৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আলিস আল ইসলাম।

ইনোসেন্ট কাইয়া-ক্যাম্পবেলের জুটিই জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ। সফরকারীদের ইনিংসে আর কোনো জুটি ৫০ পেরোয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জিম্বাবুয়ে ৪৮.৫ ওভারে ২৭৯ রানে গুটিয়ে গেছে। মাধেভেড়ের ৯৩ বলে ১১৬ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। ১৩ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।

৪৯তম ওভারের শেষ বলে মাধেভেড়েকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন আবদুল গাফফার সাকলাইন। ছয় নম্বরে নেমে ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন মাধেভেড়ে। বাংলাদেশের রহনত দৌল্লা বর্ষণ ও সামিউন বাশির রাতুল তিনটি করে উইকেট পেয়েছেন। আলিস নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন খালেদ ও সাকলাইন। ম্যাচসেরা হয়েছেন জাকির। বাঁহাতি এই ওপেনার ৯৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় করেছেন ১১৯ রান।

পরশু বগুড়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। তৃতীয় ওয়ানডে ১৩ জুন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ