Views Bangladesh Logo

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে  জিমি, আমিরুলরা।

ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই লঙ্কানদের ওপর পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। শুরুতেই আমিরুল ইসলামের চমৎকার গোলে লিড নেয় দলটি। দ্বিতীয় কোয়ার্টারেও রোমান সরকারের দল সেই দাপট বজায় রেখে ব্যবধান বাড়ায়।

বাংলাদেশের পক্ষে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম দুটি করে গোল করেন। অন্য গোলটি আসে মাহবুব হোসেনের স্টিক থেকে। পুরো ম্যাচজুড়েই শ্রীলঙ্কার রক্ষণভাগকে চরম চাপে রাখে বাংলাদেশ, আদায় করে নেয় ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার।

ম্যাচের শেষ দিকে শ্রীলঙ্কার হয়ে কুশাল একটি গোল পরিশোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। কোনো রকমের ঝুঁকি ছাড়াই সহজ জয় নিয়ে ৩ পয়েন্ট পকেটে পুরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চলতি এশিয়ান গেমসে হকি ইভেন্টে এটিই বাংলাদেশের প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৬-১ ব্যবধানে হেরেছিল তারা।

একই ভেন্যুতে আগামী ২৬ ও ২৮ সেপ্টেম্বর যথাক্রমে ইন্দোনেশিয়া ও শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ