Views Bangladesh Logo

চীনকে ৬-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চীনকে বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের দাপট বজায় রেখেছে বাংলাদেশ নারী দল। বুধবারে (৯ সেপ্টেম্বর) মোকি শহরের মরিন দাওয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক চীনকে ৬-০ গোলে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের বাঁশি বাজার পর থেকেই চীনা রক্ষণভাগকে চাপে রেখে আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে অধিনায়ক শারিকা রিমন পেনাল্টি কর্নার থেকে নেওয়া নিখুঁত শটে গোল করে দলকে প্রথম সাফল্য এনে দেন। শুরুর এই ধাক্কা সামলে ওঠার আগেই ১৯তম মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক চার মিনিট আগে কনা আক্তার প্রতিপক্ষের জালে বল পাঠালে ৩-০ গোলের বড় লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর প্রথমার্ধের ধার বজায় রেখে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। খেলার ৩১তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। এর মাত্র দুই মিনিট পর ৩৩তম মিনিটে আইরিন আক্তার রিয়া ব্যক্তিগত দ্বিতীয় ও দলের পক্ষে পঞ্চম গোলটি করেন। এরপর ম্যাচের ৪৮তম মিনিটে মোসাম্মত লিমা নিজের দ্বিতীয় গোলটি করলে চীনের জালে ষষ্ঠবারের মতো বল প্রবেশ করে এবং বাংলাদেশের বিশাল জয় নিশ্চিত হয়।

চীনের মাটিতে এই টানা চতুর্থ জয় নিশ্চিত করার পাশাপাশি চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ মেয়েরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ