Views Bangladesh Logo

বাংলাদেশ টস জিতলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতে পারত: ব্রড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি প্রশ্ন উঠেছে ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচ নিয়েও। মাত্র দুই দিনেই ম্যাচ শেষ হওয়ার পর পিচের আচরণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড।

১২৫ ওভারের এই টেস্টে পড়েছে ৩০ উইকেট। মাত্র পঞ্চম সেশনেই বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের দুই ইনিংসে সংগ্রহ ছিল যথাক্রমে ৬৪ ও ৯৫ রান। অস্ট্রেলিয়া তাদের একমাত্র ইনিংসে করে ২১০ রান। ম্যাচে দুর্দান্ত বোলিং করে ১০ উইকেট নেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন।

বাংলাদেশের তুলনায় অস্ট্রেলিয়া শক্তিশালী দল হওয়ায় এমন বোলিংসহায়ক পিচে খেলার সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে ব্রডের কাছে। তাঁর মতে, তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে এমন পিচে সুবিধা পাওয়া গেলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তা উল্টো বিপদ ডেকে আনতে পারে।

‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ ইউটিউব চ্যানেলে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সর্বশেষ টেস্ট নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ব্রড বলেন, বাংলাদেশ টস জিতে আগে বোলিং করলে অস্ট্রেলিয়াকে ৬০ রানের মধ্যে অলআউট করে দিতে পারত। তাঁর মতে, পিচে বল যেভাবে নিপ ও মুভ করছিল, তাতে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

অস্ট্রেলিয়ার পিচ পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন ব্রড। তিনি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংসে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করলেও তাদের নিয়ে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। স্টার্ক দুর্দান্ত বোলিং করেছেন এবং বল সুইং করিয়েছেন। পাশাপাশি পিচের প্রায় সব জায়গাতেই বল লাফাচ্ছিল ও মুভ করছিল।

ব্রডের মতে, চলতি বছরে পিচগুলোতে বৈচিত্র্য দেখা যাচ্ছে। ফলে দলগুলোকে সব সময় স্পিনারদের ওপর নির্ভর করতে হচ্ছে না।

ম্যাকায়ের টেস্টটি শেষ হয়েছে মাত্র ৭৫০ বলে। টেস্ট ইতিহাসে এটি চতুর্থ সংক্ষিপ্ততম ম্যাচ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সর্বশেষ সাত টেস্টের মধ্যে এটি তৃতীয় ম্যাচ, যেটি দুই দিনের মধ্যেই শেষ হয়েছে। এর আগে ২০২৫-২৬ অ্যাশেজে পার্থ ও মেলবোর্ন টেস্টও দুই দিনের মধ্যে শেষ হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ