Views Bangladesh Logo

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক বৈঠক, প্রধানমন্ত্রীর পত্র হস্তান্তর

সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত পত্র হস্তান্তর করেন।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পত্রে প্রধানমন্ত্রী চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সরকার, নেতৃত্ব ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন। তিনি দেশটিতে সাম্প্রতিক হামলা, প্রাণহানি, আহতের ঘটনা এবং সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতের জন্য সরকারের পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা জানান। পত্রে তিনি সুবিধাজনক সময়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠককালে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় দুই বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে, তাদের সরকার দেশে অবস্থানরত সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের প্রশংসা করেন এবং বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনৈতিক পন্থার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায় এবং উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির বর্তমানে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফর করছেন। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট দেশের নেতৃত্বের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া এবং বাংলাদেশ-উপসাগরীয় দেশগুলোর সম্পৃক্ততা আরও সুদৃঢ় করা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ