শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতের কাছে উদ্বেগ জানাল ঢাকা
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যকে ঘিরে উদ্বেগের কথা ভারতের কাছে তুলে ধরেছে বাংলাদেশ। একই সঙ্গে এ বিষয়ে দিল্লির সহযোগিতাও চেয়েছে ঢাকা।
সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার ৫ আগস্ট সম্ভাব্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় আসে।
হুমায়ুন কবির ভারতের হাইকমিশনারকে জানান, ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের কার্যক্রম দুই দেশের বিদ্যমান ইতিবাচক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত দিন