Views Bangladesh Logo

খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার নিন্দা জানিয়েছে ঢাকা। এর আগে শোক প্রকাশ করেছিল বাংলাদেশ।

শুক্রবার (৩ জুলাই) তেহরানে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে তিনি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাতীয় শোকের এ সময়ে বাংলাদেশ ইরানের জনগণের পাশে রয়েছে। দুই দেশের কয়েক শতাব্দীর বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক বন্ধনের কথাও বৈঠকে তুলে ধরেন স্পিকার।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) সইকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, এটি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

তিনি বলেন, বিরোধের সমাধান যুদ্ধ নয়; সংলাপ, কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।

রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার তেহরানে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সফরে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলীয় একটি ইসলামপন্থী জোটের প্রতিনিধিরাও খামেনির কফিনে শ্রদ্ধা জানান।

ইরান সরকার প্রয়াত সর্বোচ্চ নেতাকে বিদায় জানাতে ছয় দিনের রাষ্ট্রীয় কর্মসূচি হাতে নিয়েছে। এতে রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সোমবার তেহরানে প্রধান শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে কোম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ