পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরের ই-১ এলাকায় বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট নীতিমালার পরিপন্থি। একই সঙ্গে এসব কর্মকাণ্ড অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আঞ্চলিক অখণ্ডতা এবং কার্যকর দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ন্যায়সঙ্গত, সামগ্রিক ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুণ্ন করে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।
বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রসত্তা অর্জনের ক্ষেত্রে তাদের বৈধ আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।
মতামত দিন