সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক সামুদ্রিক পথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সরকার।
বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশ জাতিসংঘের সমুদ্র আইন (ইউএনসিএলওএস) এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী লোহিত সাগরসহ সব আন্তর্জাতিক নৌপথে নিরবচ্ছিন্ন ও আইনসম্মত নৌ চলাচলের পক্ষে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে। তাই সব নাবিক ও পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলা, সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে—এমন পদক্ষেপ থেকে বিরত থাকা এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ আলোচনাই যেকোনো সংঘাত নিরসনের একমাত্র টেকসই পথ।
মতামত দিন