মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। পবিত্র মসজিদে নববিতে সেবা প্রদানকারী এই গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানানো ইসলামের পবিত্র স্থানগুলোর পবিত্রতার ওপর এক অগ্রহণযোগ্য আঘাত।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার তার সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে অক্ষুণ্ন রাখতে সৌদি আরবের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সাথে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে এই হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে। জোটের দাবি, হামলায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে এর ফলে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় তেমন কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছে তারা।
তবে হুথিরা বলছে, এ ধরনের কোনো হামলা তারা চালায়নি।
মতামত দিন