অলিম্পিকসের ফ্লোরবলে বাংলাদেশের স্বর্ণ জয়
স্পেশাল অলিম্পিকস শীতকালীন গেমস ফ্লোরবলে স্বর্ণ পদক জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ইউক্রেনকে হারিয়ে এই ইভেন্টের স্বর্ণ পদক জিতেছেন স্বর্ণা-ফাতেমারা।
শনিবার (১৫ মার্চ) ইতালির তুরিনে মেয়েদের ফ্লোরবল ইভেন্টের ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের হয়ে চারটি গোল করেন স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, ফাবিয়া খাতুন ও তামাল্লিন। বাংলাদেশ ফ্লোরবল দলে খেলছেন- ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।
প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে ইতালির কোনো শহর। বাংলাদেশের ইতালি যাত্রায় নেতৃত্ব দেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের (এসওবি) ক্রীড়া পরিচালক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ প্রকৌশলী শেখ আবুল হাশেম। দলের ডেপুটি হিসেবে আছেন আবুল হাশেমের সহধর্মিণী এসওবির পরিচালক ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানা। দলের কোচিংয়ের দায়িত্বে আছেন জাহিদ হোসেন রাজু। সহকারী কোচ ফরিদা পারভীন। দুজনই গেমসে বাংলাদেশ ফ্লোরবল দল নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে গেছেন।
ফ্লোরবল দেশের জন্য নতুন খেলা হলেও অনেকটাই মিল রয়েছে ফ্লোর হকির সঙ্গে। গেমসের আগের আসরে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। খুব স্বাভাবিকভাবেই এবার ফ্লোরবল দল ইতালিতে ভালো ফল করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে