Views Bangladesh Logo

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে চীনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এ সমঝোতায় সই করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করবে দুই পক্ষ।

এ উদ্যোগের অংশ হিসেবে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগ স্থাপন এবং সমন্বয়ের ক্ষেত্রে সহায়তা দেবে ইনভেস্ট বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

মোংলায় নির্ধারিত দুটি কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাট জেলা সদরের মগরায় হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সড়কপথে খুলনায় গিয়ে বিকেলে জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ